রাশিয়াতে সফটওয়্যার জায়ান্টদের সেবা বন্ধের আহ্বান জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট

১৪ মার্চ, ২০২২ ০১:১৭  
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়াতে প্রযুক্তি কোম্পানিগুলোর সেবা বন্ধের হিড়িক পড়েছে। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সফটওয়্যার জায়ান্টদের প্রতি একই ধরণের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্স। রবিবার টুইটারে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশন, ওরাকল কর্পোরেশন এবং জার্মানীর বিজনেস সফটওয়্যার গ্রুপ এসএপি’কে রাশিয়াতে তাদের পণ্যের সেবা বন্ধের আহ্বান জানান। জেলেনস্কি টুইটারে লেখেন, “রাশিয়াতে আপনাদের পণ্যের সেবা বন্ধ করুন, যুদ্ধ বন্ধ করুন!”। এদিকে যুদ্ধে ইউক্রেন বিজয়ের পথে বলে দাবি করেছেন জেলেনস্কি। শুক্রবার রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন কৌশলগত যুগসন্ধিক্ষণে রয়েছে। শত্রুর হাত থেকে আমাদের ভূখন্ড রক্ষা করতে কত সময় লাগবে সেটি বলা মুশকিল। তবে এটা বলা সহজ যে, আমরা আমাদের ভূখন্ডকে মুক্ত করব। তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি। আমরা যুদ্ধ জয়ের পথে রয়েছি। ডিবিটেক/বিএমটি